চাঁপাইনবাবগঞ্জে একটি সালিশ বসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামে এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা, শাহজাহানপুর ইউনিয়নের মনিরুলের সাথে ইব্রাহিমের বিরোধকে কেন্দ্র করে সকালে সালিস বসার আয়োজন চলছিল। এমন সময় তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়ের সমর্থকরা ধারালেঅ অস্ত্রসহ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহিম অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয়রা দ্রুত জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) একরামুল হোসাইন বলেন, একটি সালিস নিয়ে সংঘর্ষে ১জন নিহত হয়েছে। কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সদর থানা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।