শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
এ সময় তিনি বলেন, সফরকালে প্রতিনিধি দল বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ ও চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানির সম্ভাব্যতা এবং সুযোগ-সুবিধা নিয়ে আলোকপাত করেছেন। পোষাক শিল্প, পাটের তৈরি বিভিন্ন পণ্য ও আম থেকে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা বেশ আগ্রহ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, পরিচালক জাকির হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুর আমিন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, ইত্তেফাকের প্রতিনিধি সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন, সফিকুল ইসলাম ও বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা শরিফুল ইসলামসহ অন্যরা।