চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ প্রচেষ্টায় হারানো ৩০ জন মালিক ফিরে পেয়েছেন তাঁদের প্রিয় ও প্রয়োজনীয় মোবাইল ফোন। বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া এসব ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
আজ (০৭ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাসে মোবাইল ফোন হারানোর বিষয়ে জেলার বিভিন্ন থানায় পৃথক জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছিল। ঘটনাগুলোর পর প্রযুক্তির সহায়তায় এবং নিরলস প্রচেষ্টায় ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় এই ৩০টি মোবাইল হ্যান্ডসেট।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
হারানো ফোন ফেরত পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন অনেক মালিক। পুলিশকে ধন্যবাদ জানিয়ে একাধিক ব্যক্তি জানান, মোবাইল ফোন ফিরে পাব এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। জেলা পুলিশের এই তৎপরতা ও সততায় আমরা অভিভূত।
উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধ দমন এবং নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিগত দক্ষতার কারণে এখন সহজেই হারানো ফোন উদ্ধার করা সম্ভব হচ্ছে। এই ধরনের সেবা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তারা আশ্বস্ত করেন।